১২ আফগান নারী-পুরুষকে প্রকাশ্যে বেত্রাঘাত

আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১২:৪৬ এএম

আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে। ব্যভিচার, ডাকাতি এবং সমকামিতা, অবৈধ যৌনতার অভিযোগে ‘দোষী সাব্যস্ত’ হওয়ায় তাদের ‘শাস্তি’ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসিকে জানান তালেবান সরকারের এক কর্মকর্তা।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, আফগানিস্তানের লোগার প্রদেশে পুরুষ এবং নারী প্রত্যেককে ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এদের একজনকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে বলে জানান এক তালেবান কর্মকর্তা। প্রদেশে তালেবানের মুখপাত্র ওমর মনসুর বলেন, ‘তিন নারীকে শাস্তি দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।’ তবে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে তা স্পষ্ট নয়। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ক্ষমতায় এসেই নারীদের চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে তারা। সম্প্রতি আফগানিস্তানে শরিয়াহ আইন জারি করেন তালেবানদের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। গত সপ্তাহে তাকহার প্রদেশেও একই অপরাধে ১৯ জনের শাস্তি কার্যকর করে তালেবানরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত