গত সোমবার ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিম জাভায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ২৪ জন। নিখোঁজদের সবাই এবং নিহতদের অধিকাংশই প্রদেশের সিয়ানজুর শহরের বাসিন্দা ছিলেন।
ভূমিকম্পের কারণে সিয়ানজুর শহরের ৯০ শতাংশেরও বেশি বাড়িঘর ধসে গেছে, অনেক জায়গায় ভূমিধসও হয়েছে। সেসব ধ্বংসস্তুপ ও মাটির নিচে এই নিখোঁজরা আটকা আছেন। দুর্যোগ মোকাবিলা সংস্থার কর্মীরা এখনও তাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
২১ নভেম্বর,সোমবার স্থানীয় সময় দুপুর ১ টা ২০ মিনিটের দিকে ইন্দোনেশিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ পশ্চিম জাভায় ব্যাপক প্রাণঘাতী এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৫.৬।
পশ্চিম জাভার পর্বতবেষ্টিত শহর সিয়ানজুর ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই ভূমিকম্পের ফলে সৃষ্ট কম্পণ ৭৫ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত রাজধানী জাকার্তাতেও অনুভূত হয়েছে।
১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী প্রবল কম্পনে সিয়ানজুরের আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে আসে, এ সময় বহু ভবন ধসে পড়ে।
ভূমিকম্পে সিয়ানজুর ও জাকার্তাসহ অন্যান্য শহরে ২২০০-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা।
২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলার (প্যাসিফিক রিং অব ফায়ার) ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত। এ অঞ্চলটিতে ভূত্বকের কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট এসে মিলিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।
