সীমান্তে ডিজিএফআই কর্মকর্তা হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৫:৪৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে র‌্যাবের ওপর হামলা এবং হামলায় ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদির মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান জানিয়েছেন, ৪৮ ঘণ্টা আগে মামলা নথিবদ্ধ করা হয়।

পুলিশ জানিয়েছে, ডিজিএফআই কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলাটি করেছেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ইন চিফ আতাউল্লাহ আবু আমমার জুনুনীকে (৪৬)। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঘুমধুম পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সোহাগ রানাকে।

প্রসঙ্গত, ১৪ নভেম্বর র‌্যাব-ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান চলাকালে মাদক চোরাচালানকারীদের সঙ্গে তুমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। এ সময় চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদির মৃত্যু হয় এবং র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত