গলা কেটে ও পাথরের আঘাতে দুজনকে হত্যা

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১১:০৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় আবু বক্কর (৫) নামে এক শিশুর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টায় পৌর শহরের কান্দিপাড়া মাইমল হাটি মাসু মিয়ার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আবু বক্কর ওই এলাকার হাসান মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ সাব্বির (২২) নামে এক যুবককে আটক করেছে। সাব্বির একই এলাকার মৃত মফিজ মিয়ার ছেলে।

স্বজনরা জানান, শুক্রবার রাত ৮টার পর থেকে আবু বক্করকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১০টার দিকে তাদের প্রতিবেশীর টিউবওয়েলের কাছে প্লাস্টিকের বস্তায় মোড়ানো তার গলাকাটা লাশ পাওয়া যায়। রাত ৮টা থেকে ১০টার মধ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে স্বজন ও এলাকাবাসীর ধারণা। এই সময় এলাকায় লোডশেডিং চলছিল।

আবু বক্করের বাবা হাসান মিয়া বলেন, কে এই কাজ করল বুঝতে পারছি না। ছেলে হত্যার বিচার চাই।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. আরিফুজ্জামান বলেন, শিশুটির গলায় কাটা দাগ রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) সোহরাব হোসেন বলেন, শিশু আবু বক্করের লাশ উদ্ধারের পর তার স্বজনদের সন্দেহ হয় সাব্বিরের প্রতি। তাকে আটক করে থানায় নিয়ে এলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির আবু বকরকে হত্যার কথা স্বীকার করেছে। স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা ছুরি।

অপরদিকে, গতকাল শনিবার সকালে বগুড়ায় জামাল উদ্দিন খাজা (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে শহরের বৃন্দাবন পূর্বপাড়া এলাকায় খাজার নিজ শয়নকক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাজা ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম।

পুলিশের প্রাথমিক ধারণা, গত রাতে কেউ তার মাথায় পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত