আওয়ামী লীগ প্রতিশ্রুতি পূরণ করে: পলক

আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে এলাকার মানুষের দাবি ছিল বিদ্যুৎ, রাস্তা, প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ এবং মহেশচন্দ্রপুর নদীর ওপর সেতু নির্মাণ করা। সে দাবিগুলো আজ পূরণ হয়েছে। ঈদের দিন মহেশচন্দ্রপুরে খেয়া পারাপারের সময় নৌকাডুবির ঘটনা শোনার পর আমি বাবার জিয়ারত শেষে ছুটে এসেছিলাম। মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। সেদিনই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আজ তা বাস্তবায়নের পথে।

রোববার (২৭ নভেম্বর) উপজেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক বলেন, আমরা প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করি। বিগত দিনের জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে। ভোটের পর তাদের এলাকায় খুঁজে পাওয়া যায়নি। বারবার প্রতারিত করেছে। জনগনকে সেবা দেয়নি। উন্নয়ন করেনি। ১টি কম্বলও মানুষ পায়নি। অথচ করোনা আর বন্যার সময়ও আমি আপনাদের পাশে ছিলাম। ২০১৭ সালের বন্যায় ২৭টি আশ্রয় কেন্দ্রে খাবারের ব্যবস্থা করেছি। তাদের কোরবানির ব্যবস্থা করেছিলাম। আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে।

পলক বলেন, ৫২ বছরে আত্রাই নদীতে ১টি ব্রিজ ছিলো। অথচ আমরা মাত্র ১৩ বছরে ৫টি বড় ব্রিজ উপহার দিয়েছি। শৈলমারী, সিধাখালী, জোড়মল্লিকা, বিলদহর, কালিনগরে ব্রিজ হয়েছে। মহেশচন্দ্রপুর এবং নিংগইনে ব্রিজ নির্মাণাধীন। চলনবিলের মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার শতাধিক ব্রিজ, সেতু কালভার্ট উপহার দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন নাটোর এলজিইডি প্রকৌশলী শহিদুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীনসহ ঠিকাদার, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত