বারহাট্টায় ককটেল উদ্ধার: বিএনপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১২:১১ এএম

নেত্রকোনার বারহাট্টায় বিস্ফোরক দ্রব্য মজুত, ব্যবহার ও নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ১১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনুকে (৩৭) গ্রেপ্তার করে রবিবার (২৭ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।

বারহাট্টা থানার ওসি মো. লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

ওসি জানান, শনিবার দেড়টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী অফিসে কিছু নেতা-কর্মী ককটেল, পাথর ও লাঠিসোটা নিয়ে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে সেখানে পুলিশ পাঠানো হয়। এসময় বিএনপি অফিসের সামনে দিয়ে ছাত্রলীগের একটি মিছিল যাচ্ছিল। এই মিছিলের ওপর বিএনপি অফিস থেকে ককটেল ও পাথর নিক্ষেপ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বিএনপির অফিসে হামলা চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিএনপি অফিস তল্লাশি করে পাঁচটি তাজা ককটেল, একটি বিস্ফোরিত ককটেলের অংশ, বেশকিছু স্কচটেপ, লাঠি ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়, জানান ওসি। 

তবে, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশতাক আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার আমাদের উপজেলা বিএনপির অস্থায়ী অফিসে উপজেলা কৃষকদলের পক্ষ থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণের একটা প্রোগ্রাম ছিল। তখন উপজেলা ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাদের অফিসে এসে হামলা চালায় ও ভাঙচুর করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পুলিশ উল্টো আমাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবির খোকন বলেন, উপজেলা বিএনপির অফিস কোথায় আমাদের জানা নেই। শুনেছি তাদের কিছু লোক নাশকতার উদ্দেশ্যে ককটেল, পাথর, লাঠি ইত্যাদি নিয়ে মধ্যবাজার এলাকায় একটি ঘরে জড়ো হয়েছিল। পুলিশ সেখান থেকে ককটেলসহ বিভিন্ন আলামত জব্দ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত