ফেনীর পরশুরামের উত্তর গুথুমা গ্রামের নিহত কৃষক মেজবাহ উদ্দিনের (৪৭) পরিবার এখনো তার লাশের অপেক্ষার প্রহর গুনছে।
১৩ নভেম্বর নিখোঁজ হওয়ার ৩ দিন পর ১৬ নভেম্বর ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় তার লাশের সন্ধান পাওয়া যায়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লাশ উদ্ধার করলেও আইনি জটিলতায় ১৪ দিনেও ফেরত দেয়নি।
এ ব্যাপারে ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানিয়েছেন, লাশ শনাক্তের পরদিনই আইনি প্রক্রিয়া শেষ করে লাশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বিএসএফ এখনো ফেরত দেয়নি।
নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে তার স্বামী বাঁশপদুয়া গ্রামের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকায় ধান কাটতে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে তাকে কিল-ঘুষি-লাথি মারতে দেখা যায়। কিছুক্ষণ পর তিনটি গুলির শব্দ শোনা যায়। এরপর বিষয়টি এলাকার লোকজন ও স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সীমান্ত ফাঁড়ি এবং পরশুরাম থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়। লাশ ফেরত পাওয়ার অপেক্ষায় সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে তাকিয়ে রয়েছেন স্ত্রী ও চার কন্যা সন্তান।
পুলিশ সূত্র জানায়, ১৬ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে বিজিবি-বিএসএফ সমাঝোতা বৈঠকের পর ভারতের সীমারেখার মধ্যে পড়ে থাকা লাশটি বিএসএফ নিয়ে যায়।
