চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর হত্যা মামলায় তার স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল ও নোবেলের বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
গত ১৭ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত একটি নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় লাশটি চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বলে শনাক্ত করা সম্ভব হয়। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী সপরিবারে ঢাকার কলাবাগান থানাধীন গ্রিন রোড এলাকায় বসবাস করতেন। লাশটি শনাক্ত করার পরপরই এই হত্যা রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশ সুপার ঢাকার নির্দেশনায় কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
গত ১৮ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানায় নোবেল ও তার বাল্যবন্ধু ফরহাদের বিরুদ্ধে মামলা করেন শিমুর ভাই হারুনুর রশীদ। এছাড়া মামলায় বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ মামলায় ওইদিন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম নোবেল ও ফরহাদকে তিনদিনের রিমান্ড দেন। গত ২০ জানুয়ারি আদালতে ওই দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।
মামলার তদন্ত শেষে গত ২৯ আগস্ট শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল ও এস এম ফরহাদের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
