বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোরে বিস্ফোরক মামলার আসামি বিএনপি নেতা আব্দুল মজিদকে (৪০) আটক করেছে। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের শালফা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, ভোর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক দলের দলীয় পরিচিতি সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিছিল নিয়ে শেরপুর পৌর শহরের হাসপাতাল রোড দুবলাগাড়ী এলাকার মধ্য দিয়ে তারা শহরে আসছিল। এ সময় হাসপাতাল এলাকার মোজার আলী স্মৃতি সংসদের সামনে পৌঁছালে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মারধর করে। এ সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এ ঘটনায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মাসুদ রানা লিটন বাদী হয়ে ৭২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বলেন, বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
