ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারাল বাইক, চালক নিহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০১:১৬ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে তথা জাতির পিতা বঙ্গবন্ধু মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম মো. মিনহাজ (২২)। এ সময় আহত হন মীম আক্তার (১৮) নামে এক কিশোরী। বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২টার দিকে জেলার শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিনহাজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোস্তকোমতা গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হাষাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. বেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই বেলাল জানান, গভীর রাতে কিশোরী মীমকে সঙ্গে করে মোটরসাইকেল চালিয়ে জেলার লৌহজং উপজেলার মাওয়া যাচ্ছিলেন মিনহাজ। পথিমধ্যে শ্রীনগরের হাষাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ওভারপাসের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মিনহাজ। গুরুতর আহত অবস্থায় কিশোরী মীমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে ঢামেকে প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত