এবার ইউক্রেনের যুদ্ধের ময়দানে বেয়ার গ্রিলস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৪:৪৫ পিএম

কেঁচো থেকে সাপ। উট থেকে ওরাংওটাং। কোন কিছুতেই অরুচি নেই তার। মেক্সিকো থেকে শুরু করে মাদাগাস্কারের মানব বসতিহীন স্থানও তার অগম্য নয়। যুক্তরাজ্যের সেই দুঃসাহসী অভিযাত্রী ও টিভি উপস্থাপক বেয়ার গ্রিলসকে এবার দেখা গেল ইউক্রেনে। সম্প্রতি, যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন তিনি।

ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন প্রাক্তন ব্রিটিশ কমান্ডো বেয়ার গ্রিলস। ইনস্টাগ্রামে এই সাক্ষাতের বেশ কয়েকটি ছবিও দিয়েছেন ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ খ্যাত এই টিভি শো সঞ্চালক। সেই প্রসঙ্গে ইনস্টাগ্রামেই গ্রিলস লেখেন, ‘চলতি সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কিছু সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। এই অভিজ্ঞতা অভূতপূর্ব। যুদ্ধের মাঝেই শীতের মওশুমের মুখোমুখি হতে চলেছে দেশটি। কিন্তু পরিকাঠামোয় লাগাতার হামলার জন্য লাখ লাখ মানুষকে বেঁচে থাকার প্রবল লড়াই চালাতে হচ্ছে।’

বেয়ার গ্রিলস জানিয়েছেন, দ্রুত টিভির পর্দায় জেলেনস্কির লড়াই দেখানো হবে। ‘I got so much more’ শীর্ষক প্রোগ্রামে উঠে আসবে অনেক অজানা তথ্য। ইনস্টাগ্রামে গ্রিলস লেখেন, ‘এই প্রোগ্রামে জেলেনস্কির সম্পূর্ণ অজানা দিক বিশ্বের সামনে উঠে আসবে। আমি তার (জেলেনস্কি) কাছে জানতে চাই কীভাবে তিনি এত কিছু সামলাচ্ছেন।’ এদিকে, বেয়ার গ্রিলসের পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। গ্রিলস-জেলেনস্কি জুটিকে এক সঙ্গে দেখার জন্য অনেকেই প্রবল আগ্রহ প্রকাশ করেছেন।

বেয়ার গ্রিলস এবং তার ফিল্ম ক্রুদের ইউক্রেনের একটি গ্যাস স্টেশনে চিত্রগ্রহণ করতে দেখা গেছে। গ্রিলস কে ইউক্রেনীয়দের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। তাদের ছবি সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। তিনি সম্ভবত ইউক্রেনীয়রা যে কষ্টের সম্মুখীন হচ্ছেন তা চিত্রিত করতে চাইছেন বা, সম্ভাব্যভাবে, যুদ্ধ-বিধ্বস্ত দেশে বেঁচে থাকার দক্ষতা পরীক্ষা করছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। কিয়েভের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৩২ হাজার অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এরমধ্যে সাধারণ মানুষের বাড়িঘরও রয়েছে। রাশিয়া যেসব হামলা চালিয়েছে এরমধ্যে মাত্র তিন ভাগ ছিল সামরিক স্থাপনা লক্ষ্য করে। আর বাকি সব ধ্বংসযজ্ঞ বেসামরিক স্থাপনার ওপরই চালিয়েছে রুশরা।

বেয়ার গ্রিলস ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যা একটি সারভাইভাল টেলিভিশন সিরিজ। এটি যুক্তরাজ্য ভিত্তিক ডিসকভারি চ্যানেলে ২০০৬ থেকে প্রচারিত হয়ে আসছে। জনপ্রিয় এই টিভি তারকা একাধিক অনুরূপ প্রকল্পেও অংশগ্রহণ করেছেন, যেখানে প্রতিকূল পরিবেশে তার বেঁচে থাকার দক্ষতা প্রদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত