ঢাবিতে গণধোলাইয়ে আহত শিক্ষক হাসপাতালে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০৮:১৭ পিএম

রাজধানীর শাহবাগ সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় রুবিনা আক্তার (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা ঘটানো প্রাইভেটকারটির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা চালানোর সময় আহত রুবিনাকে এক কিলোমিটার পথ টেনেহিঁচড়ে নিয়ে যায়। পথচারীরা প্রাইভেট কারটি তাৎক্ষনিক থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে থামানো হয় প্রাইভেটকারটিকে। এসময় গণধোলাইয়ে গুরুতর আহত হন চালক ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ (৪৮)। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শাহবাগ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। আহত রুবিনাকে ঢামেক হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত রুবিনা আক্তার রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনিপাড়ায় থাকতেন। তার স্বামী এক বছর আগে মারা গেছেন। তাদের এক সন্তান রয়েছে।

নিহত রুবিনা আক্তারের দেবর নুরুল আমিন জানান, রাজধানীর হাজারীবাগের সেকশন এলাকায় তাদের বাসা। তেঁজগাও থেকে ভাবী রুবিনাকে নিয়ে মটরসাইকেল যোগে হাজারীবাগের বাসায় যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীত পাশে মোটরসাইকেলটিকে একটি গাড়ি ধাক্কা দিলে রুবিনা গাড়ির সামনে পড়ে যায়। নুরুল আমিনও পাশে পড়ে যায়। রুবিনা প্রাইভেটকারের বাম্পারের সঙ্গে আটকে যায়। পরে গাড়িটি রুবিনাকে টেনে হিঁচড়ে নিয়ে দ্রুত চালিয়ে যেতে থাকে। নীলক্ষেত পর্যন্ত গেলে স্থানীয়রা গাড়িটিকে আটক করে এবং রুবিনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনার শিকার প্রাইভেটকারের চালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষককে গণধোলাই দিয়েছে স্থানীয় লোকজন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিহত রুবিনা আক্তারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা মেট্রো-ক ০৫-০০৫৫ নম্বরের গাড়িটি চালিয়ে শাহবাগ থেকে টিএসসির দিকে আসছিলেন এক ব্যক্তি। গাড়িতে আর কেউ ছিলেন না। হঠাৎ চারুকলা অনুষদের উল্টো পাশের সড়কে এক নারী তার গাড়ির নিচে পড়ে আটকে যান। আশপাশে লোকজনের উপস্থিতি দেখে চালক ভয় পেয়ে যান। তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাতে থাকেন। ওই নারীকে গাড়ির নিচ থেকে উদ্ধার করার জন্য পথচারীরা ওই চালককে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে টিএসসি থেকে নীলক্ষেতের দিকে চলে যান। এ সময় পথচারীরা গাড়িটিকে পেছন থেকে তাড়া করেন। পরে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে পলাশী অভিমুখী সড়কের মুখে গাড়িটি আটকে ফেলেন পথচারীরা। গাড়ির নিচ থেকে ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় গাড়ির চালককে গণপিটুনি দেন পথচারীরা। গাড়িটিতে ব্যাপক ভাঙচুরও করা হয়। আহত চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত