মাদারীপুরে জমি চাষ করতে গিয়ে বড় ট্রাক্টর উল্টে খাদে পড়ে মামাসহ দুই ভাগ্নে নিহত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের পশ্চিম মাদ্রা এলাকার ধান রোপণের জমি চাষ করতে গিয়ে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন ঝাউদি ইউনিয়নের দক্ষিন মাদ্রা এলাকার জলিল ফরাজির ছেলে জহিরুল ইসলাম (২৮) ও একই এলাকার কালু হাওলাদারের ছেলে জোবায়ের হাওলাদার (১১), জিসান হাওলাদার (৭)। জোবায়ের ও জিহাদ দুজনের মামা জহিরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে মামা জহিরুলের সঙ্গে ট্রাক্টরে চড়ে জমি হাল চাষ দেখতে যান তার দুই ভাগ্নে জোবায়ের ও জিসান। হালচাষ শেষে একপর্যায় ৭টার দিকে ট্রাক্টরটি উল্টে জমির পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মামা জহিরুলসহ তার দুই ভাগ্নে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুই ভাগ্নের মৃত ঘোষণা করেন। এবং গুরুতর আহত অবস্থায় মামা জহিরুলকে ফরিদপুর নেওয়ার পথে মারা যায়।
মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা শিহাব চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগের তাদের দুজনের মৃত্যু হয়। একজনকে ফরিদপুর পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ট্রাক্টর উল্টে তার নিচে দুই শিশুসহ তিনজন চাপা পড়ে। নিহত তিনজনই সম্পর্কে মামা-ভাগ্নে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।
