নারায়ণগঞ্জে শিশু আফসানা আক্তার নীপা ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি ১৯ বছর পলাতক থাকা শাহাদাত হোসেনকে (৩৮) গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শাহাদাতের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায়। গতকাল শনিবার র্যাব-১১-এর প্রধান কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত শুক্রবার রাতে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ২৩ অক্টোবর এ মামলার অন্যতম আসামি মৃত্যুদন্ডপ্রাপ্ত সুজনকেও গ্রেপ্তার করে র্যাব। এ মামলায় আরও দুই আসামি পলাতক রয়েছে।
র্যাব সূত্র জানায়, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় আলীরটেক এলাকায় আফসানা আক্তার নীপাকে (১১) গণধর্ষণের পর হত্যা করা হয়। নীপা আলীরটেক এলাকার আলী আকবরের মেয়ে। ২০১৮ সালের ১১ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত পলাতক চার আসামিকে মৃত্যুদ-ের আদেশ দেন। আসামি শাহাদাত ঘটনার পরই আত্মগোপন করে। গত সাত থেকে আট বছর সে গাজীপুরের শ্রীপুরে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করত।
