সাতক্ষীরা মেডিকেল কলেজের (সামেক) অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের সাবেক নেতা শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক আমিনুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, ওয়ার্কার্স পার্টির নেতা আদিত্য মল্লিক, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মেহেদী আলী সুজয় প্রমুখ।
সৈনিক লীগ নেতা মাহমুদ আলী সুমন বলেন, মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে মেডিকেল কলেজের নিয়োগকৃত ২২ জন সেবাকর্মী থেকে ৬ জন নিরাপরাধ করোনা যোদ্ধাকে চাকরিচ্যুত করেছেন অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস। এ ছাড়া, তার বিরুদ্ধে নিয়োগ জালিয়াতি, হাইকোর্টের আদেশ অমান্য, অবৈধভাবে ২৯ জন কর্মচারীর বেতন বিল পাস করানো, ২২ জন সেবাকর্মীর কাছ থেকে প্রতি মাসে ৪১৩০ টাকা কেটে নেওয়া হয় বলে তার বিরুদ্ধে অভিযোগ আছে।
এ ব্যাপারে অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
