‘ভালো প্রতিষ্ঠানে ভর্তির চেয়ে গুরুত্বপূর্ণ পড়াশোনার মান নিশ্চিত করা’

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০২:০৬ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছর এসএসসি পরীক্ষায় যে পরিমাণ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে উচ্চ মাধ্যমিকে তার চেয়ে ৭ লাখ বেশি আসন রয়েছে। সকল শিক্ষার্থীই ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে কোন প্রতিষ্ঠানে ভর্তি হলো তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা যেন ঠিকমত পড়াশোনা করে তা অভিভাবকদের নিশ্চিত করা। 

সোমবার (৫ ডিসেম্বর) চাঁদপুর আউটার স্টেডিয়ামে ৩১তম মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদের ছেকে নিয়ে ভর্তি করায়। সেরা মেধাবীরা সব যখন এক জায়গায় যায় তারা নিজেদের প্রচেষ্টায়, বাবা-মার প্রচেষ্টায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবদানে তারা আবার সেরা ফলাফল করে। তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠানে খুব বেশি মহাত্মা আছে বলে আমি মনে করি না।

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই প্রশিক্ষিত শিক্ষক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মতই আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন সকল ধরনের মেধার শিক্ষার্থীরা থাকে, যাতে করে জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে সকলের মেধার বিকাশ ঘটে। আমরা সেই লক্ষ্যে কাজ করে চলেছি। সকল শিক্ষার্থীই ভর্তি হওয়ার সুযোগ পাবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত আসন রয়েছে। তবে সন্তানদের কোন প্রতিষ্ঠানে ভর্তি করা হলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তারা যেন ঠিকমত পড়াশোনা করে, খারাপ পথে পা না বাড়ায় অভিভাবকদের সেটি নিশ্চিত করা।

এসএসসি পরীক্ষায় শতভাগ অকৃতকার্য ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, কি কারণে এসব প্রতিষ্ঠানে এমন খারাপ ফলাফল হয়েছে তা খতিয়ে দেখে সহযোগিতা করা হবে। যাতে করে ভবিষ্যতে তারা ব্যর্থ না হয় তা নিয়ে আমরা কাজ করছি।

দীপু মনি বলেন, আমাদের এই বিজয়ের মাসে দেশে নানান রকম রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে। বীর বাঙালি স্বাধীনতা ছিনিয়ে এনেছে, গণতন্ত্র ছিনিয়ে এনেছে। এখন আমরা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে আছি। দেশবাসী চায় সেই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সেখানে যেন কোন প্রকার অস্থিরতা, অরাজকতা সৃষ্টি না হয়। ২০১৩-১৪ সালের মত কোন ধরনের অগ্নিসন্ত্রাস দেখতে চাই না। জনগণ শান্তি চায়, সমৃদ্ধি চায়, সামনে এগিয়ে যেতে চায়। যারা দেশে অস্থিতরা চালানোর চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত