মাদারীপুরে ছিটকিনি আটকানো অবস্থায় ঘরের মধ্যে আগুনে পুড়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় মওলা মাতবরের বাড়িতে এ ঘটনা ঘটে।
মা ও নানি পলাতক থাকায় মৃত দুই শিশুর নাম জানা যায়নি। তবে তার বাবার নাম মানিক বৈদ্য, তিনি বর্তমানে একটি মামলায় জেলা কারাগারে রয়েছেন।
দুই শিশুর বয়স ১ থেকে ৩ বছরের মধ্যে।
স্থানীয়, পুলিশ এবং ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে দুই শিশুর মা ও নানি বাড়ি থেকে বের হওয়ার পরে ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখে স্থানীয়রা।
এরপর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দরজা আটকানো অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে। একজন ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় এবং আরেকজন স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তার মৃত্যু হয়।
দুইজনেই আগুনে পুড়ে মারা গেছে বলে নিশ্চিত হন মাদারীপুর ফায়ার সার্ভিস। তবে কীভাবে আগুন লেগেছে তার কোনো ধারণা দিতে পারেনি।
মাদারীপুর পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নুর মোহাম্মাদ সিকদার বলেন, আমরা ঘটনা জেনে ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করি এবং একজনকে ঘটনাস্থলে মৃত অবস্থায় দেখতে পাই আর একজনকে সদর হাসপাতালে পাঠালে সেখানে যাওয়ার আগে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বাইরে থেকে কোনো আগুন লাগেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এখানে ওনারা স্বামী, স্ত্রী, শাশুড়ি ও ২ ছেলে শিশুকে নিয়ে ভাড়া থাকতেন। কিছুদিন আগে স্বামী কোনো এক মামলায় কারাগারে আছে বলে শুনেছি।’
