অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘গবলিন মোড’

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ পিএম

২০২২ সালের বর্ষসেরা শব্দ বাছাই করল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান। এই শব্দ হলো ‘গবলিন মোড’। ইংরেজি ভাষায় ‘গবলিন মোড’ একটি কথ্য শব্দ। সাধারণত কাউকে তিরস্কার করার জন্য এই শব্দটি ব্যবহৃত হয়। মূলত গবলিন ইউরোপীয় লোককথায় বর্ণিত একধরনের দেখতে কুৎসিত, গুমোট জায়গায় চরম নোংরাভাবে থাকতে অভ্যস্ত এক কল্পিত দানবের নাম। বাস্তবেও কিছু মানুষের সঙ্গে এই কল্পিত চরিত্রের জীবনাচরণের মিল থাকা বোঝাতে ব্যবহার হচ্ছে গবলিন মোড শব্দ। অক্সফোর্ড অভিধানে গবলিন মোডের শব্দার্থ ব্যাখ্যায় বলা হয়েছে, ‘কতিপয় মানবিক আচরণের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মূলত সেসব ব্যক্তির জন্য এই শব্দ প্রয়োগ করা হয় যারা মারাত্মক অলস, অগোছালো, স্বার্থপর, লোভী, অসামাজিক এবং নিজের ও আশপাশের লোকজনদের প্রতি যার ন্যূনতম দায়িত্ববোধও নেই। আর এসবের জন্য যার কোনো অনুতাপও নেই।’  

বিবিসি জানায়, অক্সফোর্ড অভিধান কর্র্তৃপক্ষ ২০২২ সালের সেরা শব্দ হিসেবে চলতি বছর সবচেয়ে বেশি সার্চ হওয়া তিনটি শব্দ দিয়ে অনলাইনে ভোটাভুটির আয়োজন করে। সেখানে সবচেয়ে বেশি ভোট পায় ‘গবলিন মোড’। এই শব্দটির পক্ষে ভোট পড়েছে ৩ লাখ ১৮ হাজার ৯৫৬টি, যা শতকরা হিসাবে মোট ভোটের ৯৩ শতাংশ। অক্সফোর্ড ডিকশনারির আভিধানিকরা জানান, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ২০০৯ সাল থেকে অভিধানের অনলাইন সংস্করণে এই শব্দটি লিখে এটির অর্থের খোঁজ করা শুরু হয়। কিন্তু চলতি বছর কোনো একটি পশ্চিমা সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রের মডেল-অভিনেত্রী জুলিয়া ফক্সের নামে একটি ভুয়া ও কাল্পনিক কেলেঙ্কারির সংবাদ ছাপা হয়েছিল। সেই সংবাদের এক জায়গায় লেখা ছিল এই অভিনেত্রী ‘গবলিনের’ মতো আচরণ করছেন। তারপর থেকেই গবলিন মোড শব্দটির অর্থ জানতে রীতিমতো হিড়িক পড়ে যায় অক্সফোর্ড অভিধানের অনলাইন সংস্করণে। এ ছাড়া চলতি বছরের শুরু থেকে বিশ্বজুড়ে করোনা বিধিনিষেধ শিথিল শুরু হয়েছে। মহামারীর প্রথম দুই বছর বিশ্ব যে স্থবিরাবস্থায় ছিল, তা বোঝাতেও অনেকে ‘গবলিন মোড’ শব্দটি ব্যবহার করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত