চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল ওদুদের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা শহরের পুরাতন জেলখানা মোড়ে ওদুদের বাসভবনে হামলা চালিয়ে ভবনের কাচ ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টার দিকে মোটরসাইকেলে আসা কয়েক দুর্বৃত্ত আবদুল ওদুদের বাসভবনে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তার বাসভবনের দ্বিতীয় তলায় থাকা একটি বেসরকারি ব্যাংকের জানালার ও ভবনের বাইরের অংশে লাগানো কাচ ভেঙে যায়। মুখ ঢেকে আসা দুর্বৃত্তরা এরপর মোটরসাইকেলে করে চলে যায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর জাহান বলেন, ‘এ ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।’
আবদুল ওদুদ বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। কালকে (সোমবার) যেহেতু কৃষক লীগের সম্মেলন নিয়ে উত্তেজনা ছিল। এরই ধারাবাহিকতায় এবং পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করছি।’
প্রসঙ্গত গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা কৃষক লীগের সম্মেলনে মঞ্চে বসাকে কেন্দ্র করে দু পক্ষের সংঘর্ষে সম্মেলন প- হয়ে যায়।
