ইরানে আরও ৫ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৪০ পিএম

প্রায় আড়াই মাস ধরে ইরানে চলমান নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলনের সময় আধা-সামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার দায়ে আরও পাঁচ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার ইরানের একটি আদালতে ওই পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

এছাড়া তিন শিশুসহ আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই সাজার বিরুদ্ধে আপিল করা যাবে।

মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শুরু হওয়া নারীর পোশাকের স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনে ‘ভীতি ছড়ানোর’ লক্ষ্যে বিক্ষোভকারীদের এই সাজা দেওয়া হয়েছে বলে দেশটির মানবাধিকার কর্মীরা নিন্দা জানিয়েছেন।

আদালতের কৌঁসুলিরা বলেছেন, আধা-সামরিক বাহিনীর সদস্য রুহুল্লাহ আজমিয়ানকে (২৭) নগ্ন করার পর হত্যা করেছে একদল বিক্ষোভকারী। তারা নিহত প্রতিবাদকারী হাদিস নাজাফির প্রতি শ্রদ্ধা জানানোর সময় রুহুল্লাকে হত্যা করেন। বিক্ষোভ শুরুর পঞ্চম দিনে অর্থাৎ ২১ সেপ্টেম্বর মারা যান নাজাফি।

ইরানের বিচার বিভাগের ওই মুখপাত্র বলেছেন, গত ৩ নভেম্বর তেহরানের পশ্চিমে কারাজ এলাকায় আধা-সামরিক বাহিনীর সদস্য আজমিয়ানকে ছুরিকাঘাত, পাথর নিক্ষেপ, কিলঘুষি, লাথি মেরে হত্যা করেন অভিযুক্তরা। তিনি রাষ্ট্র-অনুমোদিত স্বেচ্ছাসেবক বাহিনী বাসিজের সদস্য ছিলেন। এই বাসিজ মিলিশিয়া গোষ্ঠীর সদস্যরা ইরানের প্রভাবশালী ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাথে যুক্ত।

তেহরানে হিজাব না পরার কারণে গত ১৩ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন ২২ বছর বয়সী মাহসা আমিনী। এর তিন দিন পর পুলিশি জিম্মায় থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন কুর্দি বংশোদ্ভূত এই তরুণী। পরে কোমায় নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর মারা যান তিনি।

এই তরুণীর মৃত্যুর পর দেশটিতে বাধ্যতামূলক হিজাব আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়; যা বর্তমানে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এই আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জন নিহত হয়েছেন বলে দেশটির সরকার স্বীকার করেছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, হিজাববিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলাবাহিনীর সহিংসতায় ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

দেশজুড়ে চলমান বিক্ষোভ সামলাতে গত রবিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মনতাজেরি বিতর্কিত নৈতিকতা পুলিশকে বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন। যদিও দেশটির বিক্ষোভকারীরা নৈতিকতা পুলিশের বিলুপ্তির ঘোষণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তারা বলেছেন, এখনও কিছু কিছু শহরে পুলিশের বিশেষ এই শাখার সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন...

ইরানের সাবেক এক প্রেসিডেন্টের নজিরবিহীন আহ্বান

হিজাব বিরোধী আন্দোলনে প্রথম বড় জয় ইরানের নারীদের, বিলুপ্ত নীতিপুলিশ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত