ইউপি সদস্যকে মারধর: আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সৈয়দ বালা (৪০) নামে এক ইউপি সদস্যকে মারধরের ঘটনায় মো. ছিদ্দিক মাতুব্বরকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পরমেশ্বদী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ছিদ্দিককে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব।

এর আগে, মঙ্গলবার রাতে ছিদ্দিককে প্রধান আসামি করে চার জনের নামে মামলা করেন ভুক্তভোগী ওই ইউপি সদস্যের বাবা মজিবর রহমান। দিবাগত রাতেই ছিদ্দিক মাতুব্বরকে উপজেলার ময়েনদিয়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইউপি পরিষদে রেশনের কার্ড ও রিলিপের চাল বিতরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ছিদ্দিক মাতুব্বর প্রস্তাব দেয় রেশনের প্রতিটি কার্ড থেকে দুই হাজার করে টাকা দিতে হবে এবং রিলিফের চাল ৩০ কেজির জায়গায় ২৭ কেজি দিতে হবে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছিদ্দিক মাতুব্বরের ছেলে ইউপি মেম্বার সৈয়দ বালাকে মোবাইল ফোনে ডেকে এনে হাতুড়ি দিয়ে মারধর করে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত