মৌলভীবাজারের জুড়ীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ডিবির ওসি মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জুড়ীর জায়ফরনগর ইউনিয়নের ভোগতেরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বারের বাড়িতে হানা দেয়। এ সময় জুয়ার সরঞ্জামাদিসহ ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার ও তার ভাতিজা যুবলীগ নেতা সাইফুল ইসলাম সটকে পড়েন।
গ্রেপ্তারকৃতরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
