দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিজের বর্গা নেওয়া জমি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বেগমপুর গ্রামের মাঠ থেকে সোমবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কৃষক হলেন- ৪৭ বছর বয়সী আশরাফুল ইসলাম। তিনি ওই এলাকার কফিল উদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী হালিমা বেগম বলেন, রবিবার সন্ধ্যার সময় সাতকুড়ি এলাকায় আমি ওয়াজ মাহফিল শুনতে গিয়েছিলাম। এ সময় তিনি বাড়িতে ছিলেন। রাতে ওয়াজ শুনে মেয়ের বাড়িতেই ছিলাম। আজ সকালে প্রতিবেশীদের খবরে এসে আমার স্বামীর মরদেহ দেখতে পাই। আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন। যেই জমিতে আমার স্বামীর মরদেহ পাওয়া গেছে, সেটি বর্গা নিয়ে কৃষি কাজ করা হতো।
এলাকাবাসী আব্দুর জলিল বলেন, ‘নিহত আশরাফুল ইসলাম একজন সাদা-সিধে মানুষ। এলাকার কারও সঙ্গে তার কোন দ্বন্দ্ব নেই। রাতে এক সঙ্গে আমরা মসজিদে নামাজ আদায় করেছি। সকালে শুনি তাকে কে বা কারা হত্যা করে মরদেহটি ধানের জমিতে রেখে যায়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
