বাসর-পরবর্তী সকালে বরের দায়িত্ব অলিমার ব্যবস্থা করা। এটা সুন্নত। অলিমার মাধ্যমে বিয়ের কথা সবার কাছে প্রচার হয়। হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, ‘হজরত রাসুলুল্লাহ (সা.) যেদিন হজরত জয়নাব (রা.)-এর সঙ্গে বাসররাত উদযাপন করলেন, সেদিন অলিমার ব্যবস্থা করলেন এবং মুসলিমদের তৃপ্তি সহকারে রুটি ও গোশত খাওয়ালেন। অতঃপর তিনি তার স্ত্রীদের কাছে গেলেন এবং তাদের প্রতি সালাম করে তাদের জন্য দোয়া করলেন। আর তারাও তাকে সালাম করলেন এবং তার জন্য দোয়া করলেন। হজরত রাসুল (সা.) তার বাসররাতের সকালে এরূপ করতেন।’ বোখারি : ৫১৫৪
অলিমা কয় দিন করা যাবে : বাসর-পরবর্তী তিন দিন অলিমা করা যায়। হজরত আনাস (রা.) বলেন, ‘নবী করিম (সা.) হজরত সাফিয়া (রা.)-কে বিয়ে করলেন এবং তার মোহর নির্ধারণ করলেন আর তিন দিন অলিমা খাওয়ালেন।’ মুসনাদ আবু ইয়ালা, আদাবুজ জিফাফ : ৭৪
অলিমা ধনী-গরিব সবার জন্য : বেছে বেছে শুধু বড় লোকদের অলিমায় দাওয়াত দেওয়া হলে ওই খাবারকে হজরত রাসুলুল্লাহ (সা.) নিকৃষ্ট বলে বলেন, ‘খাদ্যের মধ্যে নিকৃষ্ট খাবার ওই অলিমার খাবার, যাতে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং দরিদ্রদের ত্যাগ করা হয়। আর অলিমার দাওয়াত যে কবুল করল না, সে আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করল।’ সহিহ বোখারি : ৫১৭৭
অলিমার দাওয়াত কবুল করা সুন্নত: অলিমার দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সুন্নত। হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কাউকে অলিমার দাওয়াত করা হলে সে যেন তাতে অংশগ্রহণ করে।’ সহিহ বোখারি : ৫১৭৩
অলিমা অনুষ্ঠানে অন্যের সাহায্য গ্রহণ : অলিমা অনুষ্ঠান বাস্তবায়নের জন্য লোকরা সাহায্য করতে পারে। হজরত আনাস (রা.) নবী করিম (সা.)-এর স্ত্রী হজরত সাফিয়া (রা.)-এর ঘটনা সম্পর্কে বলেন, যখন রাসুল রাস্তায় ছিলেন উম্মে সুলাইম সাফিয়া (রা.)-কে তার জন্য প্রস্তুত করলেন অর্থাৎ সাজালেন এবং তাকে রাতে তার কাছে পাঠিয়ে দিলেন। নবী করিম (সা.) বাসরঘরেই সকাল করলেন। এরপর তিনি বললেন, যার কাছে যে খাবার আছে সে যেন তা নিয়ে আসে। অপর বর্ণনায় আছে, যার কাছে অতিরিক্ত খাবার আছে সে যেন তা আমাদের কাছে নিয়ে আসে। হজরত আনাস (রা.) বলেন, তিনি একটি দস্তরখান বিছালেন। তখন কেউ পনির নিয়ে এলো, কেউ খেজুর নিয়ে এলো, আবার কেউ ঘি নিয়ে এলো। সব দিয়ে তারা হাইস (খাদ্যবিশেষ) তৈরি করলেন। তারা (আমন্ত্রিত লোকরা) হাইস খেতে লাগলেন এবং তাদের পাশের বৃষ্টির পানি হাউজ থেকে পান করতে লাগলেন। আর এটাই ছিল হজরত রাসুলুল্লাহ (সা.)-এর অলিমা। সহিহ বোখারি : ৩৭১
এ হাদিস থেকে জানা যায়, অলিমা অনুষ্ঠানের জন্য কেউ সহযোগিতা করতে পারে। তবে অলিমা অনুষ্ঠানে মানুষকে দাওয়াত দিয়ে সেখানে আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে উপহার-উপঢৌকন, টাকা-পয়সা গ্রহণ করা সমীচীন নয়।
