বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ. ম রেজাউল করিম বলেছেন, বিএনপি সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে না। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি শাসিত সরকারে অভ্যস্থ ছিলেন। সংসদ যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু এটাই বিএনপি বিশ্বাস করে না। যে কারনে তারা সংসদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি বলেন, তাদের যদি আন্দোলন করতে ইচ্ছে হয় তারা সংসদের ভিতরে এবং বাইরে দুই জায়গায় করতে পারতেন। সেটা না করে তারা প্রমাণ করেছেন সংসদীয় পদ্ধতিতে রাজনীতি চর্চায় তারা অভ্যস্থ না, তাদের ভালোও লাগে না। তারা চলে যাওয়ার ফলে সংসদের কোন ক্ষতি হবে না। বিএনপি বরং আত্মহননের পথ বেছে নিয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক রিসার্চ রিভিউ কর্মশালা ও প্রযুক্তি হস্তান্তর-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
বিএনপির ১০ দফা দাবির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিএনপি’র ১০ দফা দাবির মধ্যে অন্যতম দাবি হচ্ছে খুনের দায়ে এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দুই জনকে মুক্তি দিতে হবে। আদালত অপরাধের দায়ে কাউকে সাজা দিলে তাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করলে এতে তাদের ইমেজ সংকট হবে। মানুষ ধরে নিবে এরা দুর্নীতিবাজকেই নেতা মানেন, দুর্নীতিকেই এরা ভালোবাসেন।
আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে উল্লেখ্য করে তিনি বলেন, আমরা মনে করি বিএনপি যদি কোন সহিংসতা, ভয়াবহতা, নারকীয়তা, পেট্রোলবোমা নিক্ষেপ, উন্নয়নের পরিপন্থী কোন রাজনীতি করে তাহলে দেশের মানুষই তাদেরকে প্রতিহত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
শ.ম রেজাউল করিম বলেন, প্রাণিসম্পদের উন্নয়নে বিএলআরআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাছ, মাংস, ডিম উৎপাদনে বাংলাদেশ ইতিমধ্যেই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে, দুধ উৎপাদনের ক্ষেত্রেও আমরা স্বয়ংসম্পূর্ণতার কাছাকাছি। প্রাণিসম্পদ খাত আমাদের বার্ষিক জিডিপিতে বড় ভূমিকা রাখছে। এই অগ্রগতির পিছনে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কেবল উৎপাদন বৃদ্ধি নয়, বরং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে।
