কক্সবাজারে টেকনাফে পিকআপভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ইকবাল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নুরুল ইসলাম আকন্দ নামে আরও একজন আহত হন।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে হোয়াইক্যং ইউপির কানজর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার মাস্টার আব্দুল বারীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই মাস্টার আব্দুল গফ্ফার।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফগামী পিকআপভ্যানের সঙ্গে কক্সবাজারগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ইকবাল নামে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নুরুল ইসলাম নামে আরেকজন আহত হন।
গুরুতর আহত ইকবালকে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথেই ইকবাল মৃত্যুবরণ করেন।
হোয়াইক্যং হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমিসহ দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের হাসপাতালে প্রেরণ করেন।
গাড়ি দু'টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
