ডিবির ওপর হামলা করে মাদক কারবারি ছিনতাই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:১০ পিএম

সাভারের আশুলিয়ায় মাদক উদ্ধারে গিয়ে এক মাদক কারবারিকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ওই মাদক কারবারির ডাক চিৎকারে অন্যান্য মাদক কারবারি ও তাদের সহযোগীরা ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে আটক মাদক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় ডিবির তিন সদস্যসহ পাঁচজন আহত হয় এবং ঘটনাস্থল থেকে মাদক কারবারিসহ ১১ জনকে আটক করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় মাদক কারবারিকে ধরতে একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল।

আটক হয়েছেন: কল্লোল চাকমা (৩৪), সুইলা মারমা (৩০), রিপন চাকমা (৩৬), ম্যাসামাই মারমা (৪০), পাইজা মারমা (৩৫), সুফেন দেব বর্মা (২১), মংনুচিং মারমা (৩২), পুলক চাকমা (২৩), কমল চাকমা (৩০), আশুতোষ চাকমা (৩১) ও মিক্রা মগ (২৫)।

এদের মধ্যে, মিক্রা মগকে মাদক মামলায় ও বাকিদের পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা সবাই আশুলিয়ার বুড়ির বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এছাড়াও পুলিশের ওপর হামলার ঘটনায় গেনু চাকমা (৩৪), দিপন চাকমা (৩২) ও জাহিদ (৪৫) নামে তিন আসামি ও মাদক মামলায় খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার মিকো চাকমা (৩০) পলাতক রয়েছেন।

গোয়েন্দা পুলিশ জানায়, দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হলে তাদের চিৎকারে আশপাশ থেকে আরো ১২ থেকে ১৩ জন এসে পুলিশের ওপর অতর্কিত হামলা করে আটক মিকো চাকমাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অন্যান্য মাদক কারবারিরা। এঘটনায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। পরে আটক মিক্রা মগের বাসা থেকে ৫২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ছাড়া মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তারা এখানে মদ তৈরি করে স্থানীয়ভাবে বিক্রি করে আসছিল।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, মাদক কারবারিদের হামলায় এসআই শাহাদাতসহ আরও দুই কনস্টেবল আহত হয়েছেন। এসআই শাহাদাতের মাথায় আঘাত লেগেছে। এসময় পুলিশের সহায়তায় এলাকাবাসী এগিয়ে এলে তাদের মধ্য থেকেও দুজন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৩২১ গ্রাম হেরোইনসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তার হয়েছেন: মো. মিনহাজ কবির (২২), মো. আশুরুদ্দীন হক (২৬) ও মো. আসাদুল ইসলাম (২৪)। এরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত