পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৫:২১ পিএম

যশোরে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরে সদরের পতেঙ্গালী ছুটিপুর সড়কে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় দুই জন ও বুধবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মনিরামপুর উপজেলায় রাজগঞ্জ সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

যশোর কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানান, সদর উপজেলার চাঁচড়া খামারপাড়ার আব্দুল মুজিদের ছেলে আফ্রিদি হাসান (১৭) ও তার বন্ধু চাঁচড়া বর্মণপাড়ার পাগল বর্মণের ছেলে সূর্য বর্মণ (১৮) একটি বাইসাইকেলে যাচ্ছিলেন। পতেঙ্গালী গ্রামে মাটিবাহী একটি ট্রাক্টর বাইসাইকেলকে ধাক্কা দিলে দুই জন রাস্তার ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নন্দ ঘোষ (৫৫) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আফ্রিদির ভাই ইয়াছিন আরাফাত বলেন, পাশে দত্তপাড়া খালে মাছ ধরার উদ্দেশ্যে দুই বন্ধু একটি বাইসাইকেলে করে যাচ্ছিলেন।

অপরদিকে যশোরের মনিরামপুর-রাজগঞ্জ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সড়কের মান্দারতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মোস্তাক হোসেনের ছেলে শিহাব হোসেন (১৮) ও মাছনা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাহিদ হোসেন (২২)।

মনিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, রাতে রাজগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন দুই যুবক। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত