বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রংপুর থেকে মঙ্গা অতীত হয়ে গেছে। দিন দিন নতুন কল-কারখানা স্থাপিত হচ্ছে। সেখানে রংপুরাঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টির কারণে আয় বেড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউপির প্রত্যান্ত গ্রাম লালচাঁদপুরে প্রাণ আরএফএলের দুরন্ত বাইসাইকেল উৎপাদন ও বাজারজাতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, পুলিশের রংপুর রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আরও বলেন, আমরা যুদ্ধের সময় লড়াই করে দেশকে মুক্ত করেছি। বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের হালকা প্রকৌশল খাত বিকাশ লাভ করেছে। এখন দেশের অথনৈতিক মুক্তির লড়াইয়ে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। তারা এখন কৃষকদের নিয়ে কাজ করছে, গ্রামের মানুষকে নিয়ে কাজ করছে। ভারতের সব জায়গায় বিশেষ করে আসামে প্রাণ-এর পণ্য ছেয়ে গেছে। এগুলো সবই আমাদের বিজয়গাথা।
জানা গেছে, প্রায় ৭০ হাজার বর্গফুটের এ কারখানাটিতে বাইসাইকেল ছাড়াও ফ্রেম, ফর্ক, টায়ার, টিউবসহ সাইকেলের কিছু কম্পোনেট উৎপাদন করা হবে। এতে প্রায় দেড় হাজার মানুষের কর্মসংস্থান হবে।
