চেয়ারম্যানের মদ্যপ ছেলের হাতে পুলিশ লাঞ্ছিত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

নারায়ণগঞ্জ বন্দরে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চেয়ে এক মদ্যপের মারধরের শিকার হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। অভিযুক্ত যুবক মাহমুদুল হাসান শুভ (৩২) বন্দরের মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে।

বুধবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল ডিউটিতে থাকা কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যদের ওপর হামলা হয়। পরে, বৃহস্পতিবার গভীর রাতে বন্দরের কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, বুধবার রাত ১২টার দিকে কামতাল তদন্ত কেন্দ্রের এএসআই শফিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে টহল দিচ্ছিলেন। এ সময় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আরোহীর পরিচয় জানতে চাইলে আরোহী চেয়ারম্যানের ছেলে শুভর লোক পরিচয় দেয় এবং বিয়ে বাড়িতে এসেছেন বললে তাকে ছেড়ে দেন। মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের গাড়িচালক কনস্টেবলসহ ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় এএসআই শফিউল্লাহ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, পুলিশের দায়িত্ব পালনে বাধা এবং মারধরের ঘটনায় মামলা হয়েছে। শুভকে গ্রেপ্তার করে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত