ইলন মাস্ককে সতর্ক করলো জাতিসংঘ ও ইইউ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০১:৪৩ পিএম

টুইটার নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকদের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মটিতে নিষিদ্ধ করায় ইলন মাস্ককে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। 

শনিবার (১৭ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা 'কোনও খেলনা নয়' বলে এক টুইটবার্তায় ইলন মাস্ককে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে টুইটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

জানা গেছে, টুইটারে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টের মধ্যে নিউইয়র্ক টাইমস, সিএনএন ও ওয়াশিংটন পোস্টের বেশ কিছু সাংবাদিক রয়েছেন। 

টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, এসব সাংবাদিকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবস্থান সম্পর্কিত তথ্যের লাইভ শেয়ারিংয়ের সাথে সম্পৃক্ত। 

জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিষয়ক আন্ডার সেক্রেটারি মেলিসা ফ্লেমিং বলেন, সাংবাদিকদের ‘নির্বিচারে’ টুইটারে নিষিদ্ধ করার ঘটনায় তিনি ‘গভীরভাবে চিন্তিত’। 

তিনি বলেন, গণমাধ্যমের সাংবাদিকতা কোনও খেলনা নয়। মুক্ত সংবাদমাধ্যম গণতান্ত্রিক সমাজের ভিত্তি এবং ক্ষতিকর ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম হাতিয়ার।

এর আগে টুইটারের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন ইইউ কমিশনার ভেরা জুরোভা। 

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেননি ইলন মাস্ক। তবে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘সারাদিন আমার সমালোচনা করা ঠিক আছে। তবে আমার সার্বক্ষণিক অবস্থান ফাঁস করে দেয়া এবং আমার পরিবারকে ঝুঁকিতে ফেলা ঠিক নয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত