কালীগঞ্জে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী

নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে হয়রানির অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৪০ এএম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণ, দুর্ব্যবহার, হয়রানি এবং পোশাক নিয়ে কটূক্তির অভিযোগ তুলেছেন সেবাপ্রত্যাশী এক নারী। এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী।

গতকাল দুপুরে উপজেলার কালীগঞ্জ গ্রামে নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এস তাবাস্সুম রায়হান মুস্তাযীর তামান্না। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১৭ অক্টোবর তার মায়ের চিকিৎসার জন্য পাসপোর্ট করাতে মায়ের এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেন। সেই আবেদনের বিষয়ে খোঁজখবর নিতে তার মা আমেনা মুস্তাযীরসহ তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে গেলে নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, আপনার মায়ের এসএসসির সনদ যেহেতু ঢাকা বিভাগের, সেহেতু সেটি জাল কি না, সেটি যাচাই করতে হবে। এ সময় এস তাবাস্সুম রায়হান মুস্তাযীর তামান্না বলেন, এটি যেহেতু নির্বাচন কমিশনের দায়িত্ব, সেহেতু এটি আমার করা ঠিক হবে না। আমি যাচাই করে নিয়ে এলে আবারও আপনি জাল বলতে পারেন। তাই যাচাই করতে হলে আপনাকেই করতে হবে। এ সময় ওই কর্মকর্তা সনদ যাচাইয়ের জন্য ৫/৬ হাজার টাকা দাবি করেন। নির্বাচন কমিশনের কোন কোডের মাধ্যমে ব্যাংকে ওই ৫/৬ হাজার টাকা জমা দিতে হবে, সেটি জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। এ-সংক্রান্ত নির্বাচন কমিশনের আদেশটি দেখতে চাইলে তিনি তা দেখাতে অস্বীকার করেন। এ সময় তিনি আমার সঙ্গে খারাপ আচরণসহ আমার পরা কোর্টের বোতাম খোলা থাকা নিয়েও অশালীন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তার মা আমেনা মুস্তাযীরও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমানের মোবাইল ফোনে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত