সুন্দরবনে ফের দস্যুতা: লুণ্ঠন-অপহরণ-মুক্তিপণ দাবি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

সুন্দরবনের বুজবুজে এলাকায় দুটি জেলে নৌকা থেকে টাকা না পেয়ে মাছ লুটে নিয়েছে দস্যু বাহিনী। রবিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে সুন্দরবন পূর্ব বনবিভাগের হাড়বাড়ীয়া ও চরাপুটিয়া ফরেস্ট অফিসের মাঝামাঝি এ ঘটনা ঘটে।

সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে মোংলায় ফিরে লুণ্ঠনের শিকার জেলেরা জানান, শুক্রবার চাঁদপাই রেঞ্জ অফিস থেকে পাস নিয়ে সুন্দরবনে যান তারা। দুই নৌকায় ৪ জন জেলে ছিলেন। রবিবার রাতে বুজবুজে খালে মাছ ধরার সময় হঠাৎ দুটি নৌকা নিয়ে দস্যুরা আক্রমণ করে।

তারা প্রথমে নগদ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় দস্যুরা জেলে নৌকা থেকে বিভিন্ন প্রজাতির সাদা মাছ এবং তাদের খাবারদাবার নিয়ে যায় জানিয়ে ভুক্তভোগীরা বলেন, ভাষা শুনে মনে হয়েছে তারা মোংলার চিলা-জয়মনি এলাকায়।

এর আগে, শনিবার (১৭ ডিসেম্বর) রাতে শ্যালা নদীর চৌরি অফিস সংলগ্ন আলকি এলাকা থেকে মুক্তিপণের দাবিতে তিন জেলেকে অপহরণ করে দস্যুরা। অপহৃত জেলেরা খুলনার বটিয়াঘাটা উপজেলার অধিবাসী। তারা জয়মনি এলাকার মহাজন লিটনের জেলে।

এ ব্যাপারে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ বলেন, সম্প্রতি তারা নানান দস্যুতার তথ্য পাচ্ছেন। এই চক্রকে শনাক্ত ও আটকে টহল বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেন। তারপর থেকে সুন্দরবন এলাকায় শান্তি বিরাজ করছিল। কিন্তু গত ২০-২৫ দিন থেকে আকস্মিকভাবে দস্যু বাহিনীর উত্থান ঘটেছে, এতে জেলেদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত