অ্যাম্বুলেন্সের ধাক্কায় ট্রাকের নিচে অটোরিকশা, নিহত ৫

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৫:১৭ এএম

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচ জন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের ন্যাংটিছিরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দিন ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, গোপালগঞ্জ ও ময়মনসিংহে পৃথক পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও চার জনের।

রংপুর প্রতিনিধি জানান, তারাগঞ্জে নিহতরা হলেন হাবিব উল্লা (৪৫), আজানুর রহমান (৪৪), শুকলাল বাসফোর (৫০), খাদেমুল (৩৮) ও সহিত উদ্দিন (৪)।  তারা সবাই উপজেলার আলমপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর তারাগঞ্জ থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রায় ১০ জন যাত্রী নিয়ে সৈয়দপুরের চিকলীর দিকে যাচ্ছিল। পথে ন্যাংটিছিরা ব্রিজ নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এ-সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে আবারও ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে রমেক হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার বিষয়টি দেশ রূপান্তরকে মুঠোফোনে নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, লরিচাপায় মো. আনিস (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ-সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের আহরন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. আনিস সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের আমীর হোসেনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ হোসেন জানান, মোটরসাইকেলটি উল্টোপথে যাওয়ার সময় লরির সঙ্গে ধাক্কা খায়। এ-সময় এক যুবক নিহত হন।

 এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় হেদায়েত উল্যাহ (২০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। নিহত হেদায়েত উল্যাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্যাহর ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল সকাল পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া কলম্বিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রোডে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত পোশাক শ্রমিকের নাম আইয়ুব আলী (২৬)। তিনি দিনাজপুরের খানাসামা থানার সাহাপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মোগড়খাল এলাকার বিসু মিয়া বাড়িতে ভাড়া থেকে গাছা এলাকায় টেক্স সোয়েটার কারখানায় চাকরি করতেন।

এদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তব থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের ছুবান মিয়ার মেয়ে।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত