১৪৪৪ হিজরি সালের প্রথম পাঁচ মাসে পবিত্র মসজিদে নববিতে ৮ কোটি ১০ লাখ এবং পবিত্র রওজা প্রাঙ্গণে ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এদিকে মক্কায় বিশ্বের ৪০ লাখ লোক ওমরাহ পালন করেছেন। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আস সুদাইস। তিনি আরও জানান, হজবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘নুসুক’ প্ল্যাটফর্মে অনলাইন ভিসা আবেদনের মাধ্যমে তারা ওমরাহ কার্যক্রম সম্পন্ন করেন। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে যাত্রীদের আগমন ও ওমরাহ পালনকে আরও সহজ করতে এবং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক যাত্রাকে সমৃদ্ধ করতে এ পরিষেবা দেওয়া হয়।
এখন সৌদির বাইরে থেকে যে কেউ ওমরাহ বা ভ্রমণের জন্য অনলাইনে (haj.gov.sa/ar/InternalPages/ Umrah) ভিসাবিষয়ক তথ্য জেনে আবেদন করতে পারবে। প্যাকেজ নির্বাচনের পর ‘নুসুক’ (nusuk.sa) ও ‘মাকাম’ (Maqam.gds.haj.gov.sa) প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। ব্যক্তিগত, ভিজিট বা ট্যুরিজম ভিসা থাকলে মুসলিমরা ওমরাহ পালন করতে পারবে। ‘নুসুক’ অ্যাপে আবেদনের মাধ্যমে তারা মসজিদে নববিতে রওজা শরিফ পরিদর্শন ও নামাজের সুযোগ পাবে।
এদিকে ওমরাহ ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করেছে সৌদি আরব। এই মেয়াদের ভেতর হজের মৌসুম ছাড়া সৌদির ভেতরে যেকোনো স্থানে ভ্রমণ করা যাবে। ওমরাহযাত্রীরা আকাশ, স্থল ও সমুদ্র পথ দিয়ে সৌদি আসতে পারবে।
মুস্তাকিম বিল্লাহ
