যুদ্ধের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ০৪:০৮ পিএম

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকেই তিনি দেশটিতে সফরের পরিকল্পনা করছিলেন।

আজ বুধবার (২১ ডিসেম্বর) তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, বুধবার (২১ ডিসেম্বর) জেলেনস্কির এ সফর হবে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। এছাড়া মার্কিন সংসদ কংগ্রেসে ভাষণ দিতে পারেন বলেও জানা গেছে। তবে এই সফরের বিষয়ে দুই দেশ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে গত মঙ্গলবার ডেমোক্র্যাট হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেস সদস্যদের বুধবার রাতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পেলোসি বলেছেন, বুধবার রাতে কংগ্রেসের একটি অধিবেশন হতে পারে। এই অধিবেশনে গণতন্ত্রসংক্রান্ত আলোচনা বিশেষভাবে গুরুত্ব পাবে।

এক চিঠিতে পেলোসি কংগ্রেসের এই অধিবেশনের কথা প্রকাশ করেছেন। তবে কী বিষয়ে এই অধিবেশন হবে, তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি।

সম্প্রতি প্রেসিডেন্ট জেলেনস্কি পূর্ব বাখমুত যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি শহরে যোদ্ধা বাহিনীর সঙ্গে দেখা করেন এবং ইউক্রেনের সেনাদের সাহস, সহনশীলতা ও শক্তির প্রশংসা করেন ও ধন্যবাদ জানান। এ সময় জেলেনস্কি সামরিক ইউনিফর্ম পরে ইউক্রেনীয় সেনাদের মেডেল পরিয়ে দেন।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে বিলিয়ন ডলার সামরিক ও মানবিক সহায়তা দিয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

জেলেনস্কির সফরের আগে হোয়াইট হাউস ইউক্রেনের জন্য প্রায় ২ বিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তার একটি নতুন প্যাকেজও নিশ্চিত করেছে। এ ছাড়া আগামী বছরের জন্য ৪০ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা দেওয়ার প্রস্তুতিও চলছে। ইউক্রেনের যুদ্ধে প্রতি মাসে ৫ বিলিয়ন ডলার খরচ হচ্ছে বলে জানিয়েছে জেলেনস্কি।

এ ছাড়া ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ বিষয়টিও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের সামরিক কর্মকর্তারাও দীর্ঘদিন ধরে পশ্চিমের কাছ থেকে আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আবেদন জানিয়ে আসছেন। নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতে সক্ষম করবে বলে দাবি করেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত