রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের উদ্যোগে রাজস্থলী উপজেলায় গত মঙ্গল ও গতকাল বুধবার টানা ৪৮ ঘণ্টা হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে দুই দিন উপজেলার তেমন কোনো দোকানপাট খোলা ছিল না। আর রাঙ্গামাটি থেকে বান্দরবানে কোনো গাড়ি চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েন রাঙ্গামাটি-বান্দরবান পথের যাত্রীসহ পর্যটকরা।
পুলিশ জানায়, ৪ ডিসেম্বর নিখোঁজ হন সালাউদ্দিন। তার এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) আছে। যেদিন তিনি নিখোঁজ হন, সেদিন রাজস্থলী-বান্দরবান সীমান্তবর্তী আমতলী পাড়ায় যান এবং রাত ১১টা পর্যন্ত তার মোবাইল ফোন খোলা ছিল। এরপর থেকে সেটি বন্ধ আছে। বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক এমদাদুল হক মিলন বলেন, ‘সালাউদ্দিন ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। আমরা তাকে অক্ষত উদ্ধারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব।’ রাজস্থলী থানার ওসি মো. জাকির হোসাইন বলেন, ‘সালাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। সম্ভাব্য সব বিষয় সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।’
