মানিকগঞ্জের শিবালয়ে খেজুরের রস ছাড়াই চিনি ও চুন দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে মশগুল গুড় ভা-ারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সেই সঙ্গে ৫০ কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে শিবালয় উপজেলার ধানধারা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
আসাদুজ্জামান রুমেল বলেন, বৃহস্পতিবার ভোর থেকে হরিরামপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। শিবালয়ের ধানধারা গ্রামে চিনি ও চুন মিশিয়ে গুড় প্রস্তুতকালে মশগুল গুড় ভা-ারের স্বত্বাধিকারী মশগুল হোসেনকে হাতেনাতে ধরা হয়। পরে সব বিনষ্ট করে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং কয়েকজন গুড় ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
অভিযানে হরিরামপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আতাউর রহমান, হরিরামপুর থানার পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
