অস্বাস্থ্যকর পরিবেশে সন্দেশের কারখানা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১২:২৬ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অবাধে তৈরি হচ্ছে শিশুখাদ্য সন্দেশ। অনুমোদনবিহীন মোড়ক লাগিয়ে এগুলো শিশুদের টার্গেট করে দেদার বিক্রি করে যাচ্ছে একটি চক্র। এতে চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে কালিয়াকৈরের শিশুরা।

গতকাল শনিবার দুপুরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার শ্রীফলতলী এলাকায় দীর্ঘদিন আগে গড়ে ওঠে অবৈধ কারখানাটি। মানিকগঞ্জ থেকে শুভরাজ নামে এক ব্যক্তি ওই এলাকায় অপূর্ব সন্দেশ নামে একটি কারখানা গড়ে তোলেন। বিভিন্ন বাজারের মিষ্টির দোকান থেকে ফেলে দেওয়া মিষ্টির গাদ কম দামে কিনে আনেন শুভরাজ। ওই মিষ্টির গাদের সঙ্গে সোডা, রং, নিম্নমানের সুজি ও আটা মিশিয়ে চুলায় জ¦ালিয়ে তৈরি করা হয় সন্দেশ। 

দেখা গেছে, সেগুলো স্টিলের প্লেটে ঢেলে কয়েকজন নারী-পুরুষ শ্রমিক নোংরা পরিবেশে ছোট ছোট খ- করে রূপ দিচ্ছেন সন্দেশের। ওই কাজে নিয়োজিতদের হাতে কোনো গ্লাভস নেই, আবার আদুল গায়েও আছেন কোনো কোনো শ্রমিক। তাদের শরীরের ঘাম ঝরে পড়ছে ওই সন্দেশের ওপর, যা খাবে শিশুরা।

এছাড়াও, পাশের ডোবা ও শৌচাগার থেকে আসা মশা-মাছি অনায়াসে সন্দেশ তৈরির উপকরণ ও সন্দেশে ওঠাবসা করছে। গাদে দেখা গেছে মরা মাছি-মৌমাছি ভেসে থাকতে। এগুলো পরে প্লাস্টিকের বাটিতে ভরে এবং ভুয়া মোড়ক লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। ওই মোড়কে প্রস্তুতকারক অপূর্ব ফুড প্রোডাক্টস লেখা থাকলেও বিএসটিআইয়ের কোনো লোগো দেখা যায়নি। উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামগঞ্জের বিভিন্ন দোকানে এবং স্কুলের আশপাশে ওই সন্দেশ বাটি অবাধে বিক্রি করা হচ্ছে।

জানতে চাইলে কারখানার মালিক শুভরাজ ক্ষেপে গিয়ে বলেন, আমরা সন্দেশ বানিয়ে ব্যবসা করে খাই, মদের ব্যবসা তো আর করছি না। এতে জেল জরিমানা হলে হবে, কোনো সমস্যা নাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ দেবব্রত রায় বলেন, এসব খাবার খেয়ে শিশুরা ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, পেট ব্যাথা, অ্যালার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এমনকি শিশুদের কিডনিজনিত সমস্যাও হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত