দাউদকান্দির দৌলতপুর ও ইলিয়টগঞ্জ ইউপি নির্বাচন

ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২:১৯ এএম

তৃণমূলে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিকভাবে জনপ্রতিনিধি নির্বাচনের সবচেয়ে বড় আয়োজন ইউপি নির্বাচন। আসছে ২৯ ডিসেম্বর কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ  ইউনিয়নে ভোট।

উপজেলার দুটি ইউনিয়নে ভোটযুদ্ধে অবতীর্ণ ১২ চেয়ারম্যানপ্রার্থী এখন বিরামহীন ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজেরা গিয়ে এবং কর্মী পাঠিয়ে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন। প্রার্থীরা এখন ব্যস্ত প্রচার-প্রচারণায়।

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী বিধি অনুযায়ী পিকাপ, অটোরিকশা কিংবা অটোভ্যানে মাইকে ভোট চেয়ে প্রচার চলছে বিরামহীন। প্রচারের ক্ষেত্রে নানান ধরনের জনপ্রিয় লোক ও বাউল গানের রেকর্ড ও বাদ্যযন্ত্রের তালে তালে ভোট চাচ্ছেন প্রার্থীর পক্ষে।

নির্বাচনে প্রার্থীদের প্রচার-প্রচারণা সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব দেখা যাচ্ছে। প্রার্থীদের কর্মী-সমর্থকরা তাদের ফেইসবুকসহ অন্য সামাজিক প্লাটফর্মে নির্বাচনী প্রচারণার ছবি নিয়মিত আপলোড দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে ভোটারদের কাছে ভোট চেয়ে নিয়মিত প্রচার চালাচ্ছেন। শেষ মুহূর্তে এখন দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্রার্থীরা। ভোটারদের মধ্যেও চলছে নির্বাচনী আমেজ। দুটি ইউনিয়নের গ্রাম, হাটবাজার ও চায়ের দোকানে চলছে নির্বাচনী আড্ডা। বইছে নির্বাচনী হাওয়া। জমে উঠেছে ভোটের মাঠ।

কারণ দুটি ইউনিয়নেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীর বাইরে স্বতন্ত্র প্রার্থীরা শক্ত অবস্থানে থাকায় বিপাকে নৌকার প্রার্থীরা। যদিও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে উপজেলা আওয়ামী লীগের নেতারা দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে উপজেলার দুটি ইউনিয়নে এখন বিরাজ করছে নির্বাচনী উৎসবের পূর্ণ আমেজ।

দৌলতপুর ইউনিয়নে পাঁচ চেয়ারম্যান প্রার্থী হলেন মাকসুদ জমাদার (নৌকা), মইন চৌধুরী (ঘোড়া), একরামুল কবির (চশমা), শরীফ হোসেন (আনারস) এবং হাফেজ মাওলানা ইসমাইল হোসেন মুন্সি (হাতপাখা)।

অপরদিকে, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে সাত চেয়ারম্যান প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান মামুনুর রশিদ (নৌকা), আলী আহম্মেদ মিয়াজী (আনারস), মাহবুব আলম ভুইয়া (ঘোড়া), জহিরুল ইসলাম (হাতপাখা), মঈন উদ্দিন (টেলিফোন), রবিউল শিকদার (মোটরসাইকেল) ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন (চশমা)।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত