মেট্রোরেল নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের স্মারক নোট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ এএম

দেশের প্রথম উড়াল মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে এ স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, অবমুক্তকরণের পর ২৯ ডিসেম্বর থেকে এ স্মারক নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তী সময়ে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে।

স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর প্রতিকৃতি এবং ব্যাকগ্রাউন্ডে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের পেছন ভাগে মেট্রোরেলের আরেক ছবি সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগে ‘বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল’ এবং পেছন ভাগে ‘Moving People, Saving Time and Environment’ মুদ্রিত রয়েছে।

নোটের সম্মুখভাগে ওপরে ডান এবং বাম কোণে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডান কোণে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগে মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছন ভাগে ওপরে বাম কোণে ইংরেজিতে ‘৫০’ এবং নিচে বাম কোণে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে। এ ছাড়া, নোটের ওপরে ডান কোণে ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ এবং নিচে ডানপাশে ‘FIFTY TAKA’ ও ডানপাশে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে।

১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত স্মারক নোটটির সম্মুখভাগে প্রধানমন্ত্রীর প্রতিকৃতির ডানে ২ মিলিমিটার চওড়া নিরাপত্তা সুতা রয়েছে এবং নোটের ডানদিকে জলছাপ হিসেবে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ মুদ্রিত রয়েছে। এ ছাড়া নোটের উভয় পৃষ্ঠে বার্নিশের প্রলেপ সংযোজন করা হয়েছে।

৫০ টাকা অভিহিত মূল্যের স্মারক নোটটির জন্য পৃথকভাবে বাংলা ও ইংরেজি লিটারেচার সংবলিত ফোল্ডার প্রস্তুত করা হয়েছে। ফোল্ডার ছাড়া শুধু খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকামাত্র এবং ফোল্ডার ও খামসহ স্মারক নোটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত