শীতকালে ঘন কুয়াশায় দুর্ঘটনা হয় প্রায়ই। দৃশ্যমানতা নেমে যাওয়ার কারণে হাইওয়েগুলো দুর্ঘটনাপ্রবণ হয়ে ওঠে। আর সেই কুয়াশার কারণেই এবার একটি সেতুতে একের পর এক ধাক্কায় তালগোল পাকিয়ে গেল ২০০টি গাড়ি। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চীনের হেনান প্রদেশের ঝেংঝৌ শহরে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একটি সেতুর ওপর কয়েকশ গাড়ি দাঁড়িয়ে। সেগুলো সব দোমড়ানো-মোচড়ানো। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে, কোনও কোনও গাড়ি অন্য গাড়ির ওপর উঠে গিয়েছে। এমনই একটি ভয়ানক দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
চীনের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে জেংজিং হুয়াঙ্গে সেতুর উপরে। এতে প্রায় ২০০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তবে আহতের সংখ্যা কত, সে বিষয়টি স্পষ্ট করেনি স্থানীয় প্রশাসন।
চীনের বিভিন্ন প্রদেশে গত কয়েক দিন ধরে কুয়াশার দাপটে যান চলাচল ব্যাহত হয়েছে। চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, ঝেংঝৌ প্রদেশে বুধবার দৃশ্যমানতা ৫০০ মিটারের নীচে নেমে গিয়েছিল। কোনও কোনও এলাকায় তা ২০০ মিটারের নীচে নেমে গিয়েছিল। দৃশ্যমানতা নেমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। ঝেংঝিং হুয়াঙ্গে সেতু ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ত সেতু। এটি ঝেংঝৌয়ের সঙ্গে জিংজিয়াং প্রদেশের সংযোগস্থাপনকারী সেতু।
