সরকারি নির্দেশনা অমান্য করে জামালপুরের সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ডের নির্ধারিত ফি’র দ্বিগুণ টাকা আদায় করার অভিযোগ উঠেছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড ও কেন্দ্র ফিসহ বিজ্ঞান বিভাগে ২ হাজার ১৪০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগে ২ হাজার ২০ টাকা সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে। এ ফি আদায়ের সময় ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিদ্যালয়ের নোটিস বোর্ড ও অভিভাবক সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা প্রধান শিক্ষক স্বাক্ষরিত একটি নোটিসে জানানো হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের জন্য ৩ হাজার ৮০০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য ৩ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফরম পূরণের টাকা রূপালী ব্যাংক সরিষাবাড়ী শাখায় জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে জানান, বোর্ড নির্ধারিত ফি’র দ্বিগুণ অর্থ নেওয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণ করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
তবে, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বলেন, অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না। আমরা ভুলবশত ফরম পূরণের সঙ্গে মাসিক বকেয়া বেতন এক সঙ্গে দিয়ে নোটিস দিয়েছি। তার জন্য এ ভুল বুঝাবুঝি হয়েছে।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, অতিরিক্ত টাকা আদায় করা হলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
