যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভেনেজুয়েলা

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১১:১৭ পিএম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ধারাবাহিক নিষেধাজ্ঞায় তার দেশ মুখ থুবড়ে পড়া সত্ত্বেও তিনি যুক্তরাষ্ট্রর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কাজ করতে আগ্রহী। গত রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে এমন মনোভাবের কথা জানান মাদুরো। এএফপি বলছে, দক্ষিণ আমেরিকার এ দেশের বিরোধী দল জুয়ান গুয়াইদোর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে ভোট দেওয়ার কয়েক দিন পর মাদুরো এমন বক্তব্য দিলেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের পর ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ গুয়াইদোকে স্বীকৃতি দিয়েছে।

সাক্ষাৎকারে মাদুরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে কূটনৈতিক, কনস্যুলার ও রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণে ভেনেজুয়েলা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।’

মাদুরো ২০১৯ সালে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার হিসেবে গুয়াইদোকে স্বীকৃতি দেওয়ায় তিনি এ পদক্ষেপ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত