ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ৪২ জন ভূমিহীন ও দুস্থের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। ভুক্তভোগীদের মামলার পরিপ্রেক্ষিতে গত রবিবার রাতে ফুলবাড়িয়া সদরের বানারপাড় এলাকা থেকে জামান মিয়া (৩৯) নামে ওই ব্যাক্তিকে আটক করে র্যাব-১৪। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ এর উপ অধিনায়ক মেজর শিশির মো. তালুকদার।
র্যাব জানায়, জামান মিয়া ছয় বছর আগে সদর উপজেলার চুরখাই গ্রামে চেয়ারম্যানের কাছে তদবির করে সুমন নামে একজনকে ঘর পাইয়ে দেয়। বিনিময়ে সুমনের কাছ থেকে তিন হাজার টাকা আদায় করে। এ থেকে জামানের মধ্যে অসাধু উপায়ে টাকা আয়ের নেশা হয়। পরবর্তী সময়ে নিজ এলাকা ফুলবাড়িয়ায় পুটিজানা ইউনিয়নে ভূমিহীন ও দুস্থদের প্রতারণার টার্গেট করে প্রথমে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নেয়। কিছুদিন অপেক্ষার পর ইট, বালি, সিমেন্ট আনার কথা বলে প্রত্যেকের কাছ থেকে আরও এক হাজার টাকা করে নেয়। এ নিয়ে ৪২ জন ভূমিহীনের কাছ থেকে সে দুই লাখ পঁচানব্বই হাজার টাকা হাতিয়ে নেয়।
দীর্ঘদিন অপেক্ষার পর ঘর না পেয়ে ভুক্তভোগীরা জামানের কাছে টাকা ফেরত চাইলে সে কালক্ষেপণ করতে থাকে। পরে ভুক্তভোগীদের সন্দেহ হলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে খবর নেন। তখনই তারা প্রতারণার বিষয়টি জানতে পারেন।
র্যাব কর্মকর্তা মেজর শিশির তালুকদার বলেন, দীর্ঘদিন যাবৎ গ্রামের নিরীহ মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। অভিযুক্ত জামান মিয়ার বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
