রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:৪৫ এএম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে বুলবুল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মামাতো ভাই মোসলেম জানান, তাদের বাড়ি নীলফামারী জেলায়। চাকরির জন্য তারা দুজন কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন। তেমন কোনো ভালো চাকরি না মেলায় আবার বাড়ি চলে যাওয়ার জন্য সোমবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশনে যান।

একটি ট্রেনে চড়ার সময় ট্রেনটি চলতে শুরু করলে সেখান থেকে পড়ে যায় বুলবুল। এতে ট্রেনের নিচে তার ডান পা কাটা পড়ে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যুর ঘটনাটি রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত