বাবা ও ভাইকে ফেরত চান প্রিন্স হ্যারি

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১১:০০ পিএম

রহস্য, বিতর্ক আর জল্পনা যেন ব্রিটিশ রাজপরিবারের পিছু ছাড়ে না। সম্প্রতি প্রিন্স হ্যারির একটি সাক্ষাৎকার নিয়ে ফের আলোচনার শীর্ষে রাজপরিবার। সিবিএস এবং আইটিভি নামে দুটি টেলিভিশন চ্যানেলে আগামী ৮ জানুয়ারি সম্প্রচার হবে সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারের পৃথক দুটি ট্রেলার প্রকাশ করেছে এই টেলিভিশন দুটি। আর তা নিয়েই শুরু হয়েছে তুমুল আলোচনা।

আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারের ট্রেলারে প্রিন্স হ্যারিকে বলতে শোনা যায়, ‘আমি আমার বাবাকে ফিরে পেতে চাই, আমার ভাইকে পেতে চাই। কিন্তু তাদের তরফ থেকে কোনো সাড়া আসেনি।’ রাজপরিবারের কঠোর রেওয়াজ প্রসঙ্গে হ্যারি বলেন, ‘আমাদের পারিবারিক নীতি হলো কখনো অভিযোগ করা যাবে না, কখনো ব্যাখ্যা চাওয়া যাবে না।’ সাংবাদিকদের ওপরও অসন্তোষ প্রকাশ করেন ডিউক অব সাসেক্স। তিনি বলেন, বাকিংহাম প্যালেসে নিয়ে সাংবাদিকদের আপ্যায়ন করা হয় কিংবা তাদের সঙ্গে কথোপকথন হয়। এরপর রীতিমতো রাজপরিবার থেকে বলে দেওয়া বা  শিখিয়ে দেওয়া তথ্যগুলোই সংবাদমাধ্যমে ছাপে। অথচ শিরোনামে তারা দাবি করে, রাজপরিবারের মন্তব্য পাওয়ার জন্য নিজেরাই তথ্য সংগ্রহের জন্য বাকিংহাম প্যালেসে পৌঁছেছে। অথচ আসল কাহিনী হলো, সবই বাকিংহাম প্যালেসের দেওয়া মন্তব্য।’ 

সাক্ষাৎকার নিয়ে দ্বিতীয় ট্রেলারে প্রিন্স হ্যারিকে বলতে শোনা যায়, ‘এটা একটা পরিবারের থেকেও একটা প্রতিষ্ঠানের মতো। তাই আবারও পুরোপুরিভাবে রাজপরিবারে ফিরে গিয়ে আমি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাই না। আমি একটা পরিবার চাই, প্রতিষ্ঠান নয়। অন্যদিকে, আইটিভির প্রকাশিত সংক্ষিপ্ত ট্রেলারে প্রিন্স হ্যারিকে বলতে শোনা যায়, ‘তথ্য ফাঁস নিয়ে বরাবরই আমাকে আর আমার স্ত্রীকে দোষারোপ করা হয়। তারা কোনোভাবে আমাদের খলনায়ক বানিয়ে রাখাকেই ভালো বলে মনে করছে।’ আইটিভির   সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির ব্যক্তিজীবন বিশেষ করে প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়ে উঠে এসেছে বিস্তর তথ্য। সংবাদমাধ্যমটির দাবি, সাক্ষাৎকারের মাধ্যমে তারা এমন কিছু তথ্য বের করে আনতে পেরেছে, যা আগে কখনো সামনে আসেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত