মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে মোশারফ হোসেন মৃধা (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত সোমবার রাত ১১টার দিকে ওই গ্রামের প্রতিবেশী তবিবর মৃধার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহত মোশারফ একটি হত্যা মামলার আসামি ছিলেন।
স্থানীয়রা জানান, বালিদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা ইউনুস শিকদার এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান মীনার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
নিহত মোশারফ হোসেন মৃধার ভাতিজা মিনারুল ইসলাম জানান, তার চাচা বালিদিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তবিবর মৃধার বাড়ির কাছে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, মোশারফ হোসেন মৃধার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ নেতা ইউনুস শিকদার এবং মফিজুর রহমান মীনার সমর্থকদের মধ্যে বিরোধের জেরে ২০২০ সালের ১৩ জানুয়ারি ইউনুস শিকদারের সমর্থক আবু সাইদ মোল্যা নামে এক ব্যক্তি খুন হন। ওই ঘটনায় মোশারফ হোসেনসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়। গতকাল মঙ্গলবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে ওই মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল।
