নাটোরের সিংড়ায় বেশি দামে সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছিল একটি চক্র। বেশি দামে সার বিক্রি করায় সিংড়া বাজারের মেসার্স চলনবিল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে ওই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।
