নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা। কর্মসূচি থেকে হামলাকারী নান্নু মোল্লাসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তারসহ গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিলকে প্রত্যাহারের দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর থানা মোড় শাপলা চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ হয়।
এ-সময় বক্তারা বলেন, গুরুদাসপুর উপজেলাজুড়ে অবৈধ পুকুর খননের মহোৎসব চলছে। অথচ প্রশাসন নির্বিকার। পুকুর খননের সংবাদ সংগ্রহের জের ধরে প্রশাসনের সদস্যদের সামনে সাংবাদিকদের ওপর হামলা ন্যক্কারজনক। প্রশাসনের যেসব ব্যক্তির উপস্থিতিতে ওই হামলা চালানো হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে তাদের প্রত্যাহার করতে হবে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাংবাদিকরা কলম বিরতিসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর সøুইসগেট মসজিদের কাছে সাংবাদিকদের ওপর হামলা চালায় অবৈধভাবে পুকুর খননকারী নান্নু মোল্লাসহ তার লোকজন। হামলায় দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি নাজমুল হাসান নাহিদ গুরুতর আহত হন।
